কওমি শিক্ষক পরিষদের বিবৃতি

কওমি নীতিমালা ও হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার

কওমি নীতিমালা ও হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান

কওমি মাদরাসা স্থাপনের জন্য নতুন নীতিমালা প্রণয়ন এবং হাফেজিয়া মাদরাসার জন্য পৃথক কেন্দ্রীয় বোর্ড গঠনের উদ্যোগ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষক পরিষদ।

রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সহ (পীর সাহেব দেওনা) অন্য নেতারা এই আহবান জানান।

বিজ্ঞাপন

মিজানুর রহমান চৌধুরী বলেন, এ ধরনের উদ্যোগ ২০১৮ সালের কওমি মাদরাসা স্বীকৃতি আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং কওমি মাদরাসার স্বকীয়তা ও স্বাধীনতার পরিপন্থী।

অন্য নেতারা বলেন, জেলা প্রশাসক সম্মেলন-২০২৬-এর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উদ্যোগে কওমি মাদরাসা স্থাপনের নীতিমালা প্রণয়ন এবং দেশের সব হাফেজিয়া মাদরাসার জন্য পৃথক কেন্দ্রীয় বোর্ড গঠনের লক্ষ্যে ৯ জুলাই বিকেলে একটি সভা আহ্বান করা হয়। তবে কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এবং এর অধীন ছয়টি বোর্ড ওই সভায় অংশগ্রহণে অসম্মতি জানায়।

তারা আরো বলেন, দেশের কওমি মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে দারুল উলুম দেওবন্দের শিক্ষাদর্শ অনুসরণ করে সরকারিভাবে অনুদান ছাড়াই পরিচালিত হয়ে আসছে। বিদ্যমান বোর্ডগুলো মাদরাসার নিবন্ধন, পাঠ্যক্রম, পরীক্ষা, প্রশিক্ষণ, পরিদর্শন ও সনদ প্রদানসহ সব কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে। হেফজ বিভাগও এসব বোর্ডের অধীন একটি মৌলিক ও অবিচ্ছেদ্য অংশ। তাই পৃথক হাফেজিয়া বোর্ড গঠনের কোনো যৌক্তিকতা নেই।

বিবৃতিতে আরো স্বাক্ষর করেন সংগঠনটির সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আলী আজম, মহাসচিব মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, যুগ্ম-মহাসচিব মেরাজুল হক মাজহারী ও সাংগঠনিক সম্পাদক মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফসহ কেন্দ্রীয় নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...