স্বল্প সময়ের বৃষ্টিতেই তলিয়ে গেল রাজধানীর অধিকাংশ সড়ক। এতে রাজধানীজুড়ে ব্যাপক জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন নগরবাসী।
রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতেই রাজধানীর বিভিন্ন সড়কে পানি ঢেউ খেলে। অফিস ছুটির পর ঘরমুখো মানুষকে পড়তে হয় ভয়াবহ বিড়ম্বনায়। সড়কগুলোতে দেখা যায় তীব্র যানজট।
২৮ ঘণ্টায় কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারী এবং এর চেয়ে বেশি হলে অতিভারী বৃষ্টিপাত বলে গণ্য করা হয়। এদিক থেকে গতকাল রাজধানী ঢাকায় ভারী বৃষ্টি হয়েছে। এছাড়াও ফরিদপুর, মাদারীপুর, নীলফামারী, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, কক্সবাজারের টেকনাফ ও কুষ্টিয়ার কুমারখালীতে ভারী বৃষ্টি হয়েছে। গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায় ৮৭ মিলিমিটার।
এদিকে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানান, আজ সোমবারও রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গতকাল ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দুদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
আষাঢ়ের শুরু থেকেই রাজধানীর আকাশে মেঘের আনাগোনা থাকলেও এতদিন উল্লেখ করার মতো তেমন বৃষ্টি হয়নি। এতে কয়েকদিনের টানা ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল রাজধানীর জনজীবন। সে অস্বস্তি কাটিয়ে গতকাল বিকাল ৫টার দিকে রাজধানীতে নামে কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টি। মুষলধারে ঝরেপড়া বৃষ্টিতে ঢাকার তাপমাত্রা কমে স্বস্তি ফিরেছে জনজীবনে। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছিল।
কয়েকদিনের ভ্যাপসা গরমের পর এমন বৃষ্টিতে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে আনন্দের ছোঁয়া দেখা গেছে। তীব্র গরমে বৃষ্টির শীতল হাওয়া যেন এক দারুণ উপহার হিসেবে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও রাজধানীবাসীকে বৃষ্টি ঝরার আনন্দ উদযাপনের ছবি ও অনুভূতি প্রকাশ করতে দেখা যাচ্ছে।
তবে বৃষ্টির এ স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি; মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে নগরীর বেশিরভাগ সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হলে বরাবরের মতোই ভোগান্তি দেখা দিয়েছে। বৃষ্টিতে ফুটপাতের ব্যবসায়ী ও পথচারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। বৃষ্টির কারণে জলাবদ্ধতায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় এবং রিকশা ও সিএনজিচালকরা বাড়তি ভাড়া দাবি করায় সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে বিভিন্ন সড়কে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা বিকল হয়ে পড়ে থাকতেও দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গত কয়েকদিন ধরে যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল, এ বৃষ্টির ফলে তা অনেকটাই কেটে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যা তাপমাত্রা কিছুটা কমিয়ে আনতে সাহায্য করবে।
বৃষ্টির কারণে কাজীপাড়া এলাকায় প্রধান সড়কেই কোমর পানিতে থই থই। নিউ মার্কেট এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। গ্রিন রোডজুড়ে পানি থই থই দৃশ্য দেখা যায়। পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডও পানিতে তলিয়ে যায়। এছাড়া বংশাল, নাজিমুদ্দিন রোড, কারওয়ান বাজার, শান্তিনগর, মালিবাগ, মধ্যবাড্ডা, গ্রিন রোড, ধানমন্ডি ২৭, মিরপুরের শেওড়াপাড়া, মিরপুর-১০, ১৩ ও ১৪ নম্বর, সায়েদাবাদ, শনির আখড়া, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত বাইপাসসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।
গতকাল সন্ধ্যার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানায়, জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য পাঁচ হাজার ৩০০ পরিচ্ছন্নতাকর্মী কাজ করে। প্রতি টিমে ১০ জন দিয়ে ১০টি কুইক রেসপন্স টিম কাজ করে। হটলাইনে (১৬১০৬), আঞ্চলিক কার্যালয় ও প্রধান কার্যালয়ে খবর যাওয়ার সঙ্গে সঙ্গে কুইক রেসপন্স টিমের সদস্যরা সেখানে গিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানায়, জলাবদ্ধতা নিরসনের জন্য ডিএসসিসির ৯১টি দল কাজ করেছে। প্রতিটি দলে পাঁচজন করে কর্মী রয়েছে। কোথাও জলাবদ্ধতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

