গুলিস্তানে ‘ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল করেছে ‘চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি’।
রোববার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গুলিস্তান, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট ও স্টেডিয়াম মার্কেটের সাধারণ ও জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট বহু ব্যবসায়ী ও দোকান কর্মচারী অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল শুরু হয়ে পল্টন মোড়-গুলিস্তান জিরো পয়েন্ট-ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম দক্ষিণ গেট দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি শ্রমিক নেতা আব্দুস সালামের সভাপতিত্বে মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও মহানগর দক্ষিণের জামায়াত নেতা শাহীন আহমেদ খান, আহসান হাবীব, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, মাওলানা শরিফুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
বক্তরা বলেন, সন্ত্রাস, দখলবাজ, চাঁদাবাজদের অত্যাচারে গুলিস্তানের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে গতকাল শনিবার বিকেলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। মিছিল শুরুর প্রস্তুতিকালে চাঁদাবাজ-সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। ওই হামলায় ব্যবসায়ী কবির হোসেনসহ বহু ব্যবসায়ী রক্তাক্ত জখম নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। চিহ্নিত সন্ত্রাস-চাঁদাবাজেরা এমন ঘটনা ঘটানোর পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। যার ফলে ব্যবসায়ী মহলের পাশাপাশি জনমনে আতঙ্ক, উদ্বেগ বিরাজ করছে।
তারা বলেন, পুলিশের ভূমিকা দেখে মনে হয় পুলিশ দখলবাজ, সন্ত্রাস, চাঁদাবাজদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের কোনো পদক্ষেপ নেই।
সভাপতির বক্তব্যে শ্রমিক নেতা আব্দুস সালাম বলেন, ‘আমরা কোনো সন্ত্রাস-চাঁদাবাজ দেখতে চাই না। কোনো দল যদি সন্ত্রাস, চাঁদাবাজকে আশ্রয়-প্রশয় দেয়, তাহলে তাদের পরিণতি হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই।
গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর দখলদার ও সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাস-চাঁদাবাজদের প্রশ্রয় দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আজকে যারা সন্ত্রাস-চাঁদাবাজদের প্রশয় দিয়ে জনগণের ওপর জুলুম-নির্যাতন চালাবে, তারাও টিকতে পারবে না।
সন্ত্রাস-চাঁদাবাজের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাস-চাঁদাবাজ যদি কোনো দলীয় পরিচয় বহন করে, তাহলে দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধী হিসেবে বিবেচনা করে আইনের আওতায় নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

