শেষ ম্যাচে সান্ত্বনার জয় বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

শেষ ম্যাচে সান্ত্বনার জয় বাংলাদেশের

অবশেষে জয়ে ফিরল বাংলাদেশ। আজ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারাল জিম্বাবুয়েকে। তবে এর আগে বাংলাদেশ প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে জয়ের জন্য বাংলাদেশকে ২০০ রানের টার্গেট দিয়েছিল স্বাগতিকরা। জবাবে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ব্যাটিং নৈপুণ্যে সহজ জয় পেয়েছে বাংলাদেশ (২০০/৩)।
আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় প্রথম সারির পেসারদের বিশ্রাম দেয় জিম্বাবুয়ে। অন্য বোলারদের দলে সুযোগ দেওয়া হয়। জিম্বাবুয়ের পরীক্ষা-নিরীক্ষা করার এই মঞ্চে জ্বলে উঠলেন সৌম্য সরকার ও তানজিদ হাসান। উদ্বোধনীতে ১৫১ রানের জুটি গড়েন তারা। সৌম্য সিবাঙ্গার বলে বোল্ড হলে ভাঙে এই জুটি। ৮২ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৯ রান করে সৌম্য। এরপর তানজিদের ব্যাটে জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। দল জিতলেও মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন তানজিদ। বড় শট খেলতে গিয়ে ব্যক্তিগত ৯৪ রানে আউট হন তিনি। তার ইনিংসে ৮টি চার ও ৪টি ছক্কার মার রয়েছে। এরপর উইকেটে নেমে তিন বলে খেলে আউট হন তাওহিদ হৃদয়। এর আগে শরিফুল ও তাসকিনের ধারালো বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। যেকারণে দুইশর আগেই থেমে যায় তাদের ইনিংস। ব্যাটিংয়ের শুরুতে বিপর্যয়ের পর মাঝে ওয়েসলি মাধেরেভের ৭৫ ও ইভানসের ৫০ রানের সুবাদে সব উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে জিম্বাবুয়ে। ৪৪ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন শরিফুল ইসলাম। ৩২ রানের দুই উইকেট পান তাসকিন আহমেদ। তানভীরও পান দুই উইকেট। একটি উইকেট নেন সাইফউদ্দিন। ম্যাচসেরা হন তানজিদ।

সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে : ৪৮.১ ওভারে ১৯৯ (মাধেরেভে ৭৫, ইভানস ৫০, কাইয়া ২৫; শরিফুল ৪/৪৪, তাসকিন ২/৩২, তানভীর ২/৩২)।
বাংলাদেশ : ৩৬ ওভারে ২০০/৩ (তানজিদ ৯৪, সৌম্য ৬৯, শান্ত ১৮*; মাসুকু ২/৩৩, চিবাঙ্গা ১/৩৪)।
ফল : ৭ উইকেটে জয়ী বাংলাদেশ।
ম্যাচসেরা : তানজিদ হাসান তামিম (বাংলাদেশ)।
সিরিজ : তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জয়ী জিম্বাবুয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...