বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শুরু আজ

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হারারে স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশ সময় বেলা দেড়টায় দুদলের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে। ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজ বাড়তি গুরুত্ব দিয়ে খেলছে দুদল। জয় দিয়েই সিরিজ শুরু করার লক্ষ্য থাকবে বাংলাদেশের। যদিও দীর্ঘদিন পর জিম্বাবুয়ে সফরে গিয়ে শুরুতেই একমাত্র টেস্ট ম্যাচে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে অনভিজ্ঞদের নিয়ে গড়া বাংলাদেশ দলটি ইনিংস হারের লজ্জায় পড়েছে। ইনিংস ও ৮৫ রানের হারে মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশ। পেস বিপ্লবের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশ বড় সতর্কবার্তা পেয়েছে টেস্ট ম্যাচটিতেই। হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন মিলে ৬৭ ওভার বোলিং করে ২৬৬ রান দিয়ে নেন মাত্র দুই উইকেট। যেখানে জিম্বাবুয়ের পেসার এনগারাভা, মুজারাবানি, নায়ামুরি ও ইভানস মিলে নেন ৩০৮ রানে নেন ২০ উইকেট। তবে টেস্টে হতাশা ভুলিয়ে দিতে প্রস্তুত অভিজ্ঞ তাসকিন, নাহিদ ও শরিফুলরা।
এদিকে গত আগস্টের পর এই প্রথম বাংলাদেশ সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেট খেলতে নামছে জিম্বাবুয়ে। দলটির নেতৃত্বে থাকবেন নতুন অধিনায়ক এনগারাভা। সামনে আইসিসি টুর্নামেন্ট মাথায় রেখে দল গঠন ও কৌশল সাজাবেন তিনি। বাছাই পর্ব উতরাতে না পারায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। ওই সময়ের বেশ কিছু খেলোয়াড় এখনো দলে আছেন। অভিজ্ঞ আরভিন, সিকান্দার রাজারা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা। প্রায় চার বছর পর আবার ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে জিম্বাবুয়ে। এ পর্যন্ত দুদল মোট ৮১টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে সর্বোচ্চ ৫১ ম্যাচ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের জয় ৩০টি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন