যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ২টায় ফ্রান্স-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। গ্রুপ পর্ব আর শেষ ষোলোর হিসাব-নিকাশ চুকিয়ে আট দল এখন এক মঞ্চে দাঁড়িয়ে। দলগুলোর শক্তি, সামর্থ্য আর পারফরম্যান্সের বিচারে শেষ আটের লড়াই অন্যরকম রোমাঞ্চ ছড়াচ্ছে। নির্ধারিত ৯০ মিনিট, অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারÑযেকোনো কিছুতেই কোয়ার্টার ফাইনাল ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে পারে। দলগুলোর কৌশল, ফর্ম ও মাঠের লড়াইয়ের ওপরই নির্ভর করছে কারা পাবে সেমিফাইনালের টিকিট।
এবারও দুর্দান্ত খেলছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের শক্তির মূল জায়গা আগ্রাসী আক্রমণভাগ। এই আক্রমণভাগের নেতৃত্বে আছেন কিলিয়ান এমবাপ্পে। গতিময় এই ফুটবলার যেকোনো রক্ষণভাগ ভেঙে চুরমার করে দিতে পারেন। তাই বলে মরক্কোকে হালকাভাবে নেওয়া যাবে না। এ পর্যন্ত ডিফেন্স লাইনের দারুণ শৃঙ্খল দলটি। কাউন্টার অ্যাটাকে আশরাফ হাকিমিরা যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। এ ম্যাচে অভিজ্ঞ ফ্রান্স বনাম লড়াকু মরক্কোর মধ্যে উপভোগ্য এক ম্যাচই দেখা যেতে পারে।
শেষ আটের অপর ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম। এবার স্পেন দলের চিরচেনা পাসিং ফুটবলের সৌন্দর্য ফুটে উঠেছে। তার সঙ্গে বেড়েছে কার্যকারিতাও। মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে পজিশনে এগিয়ে থাকাটাই স্পেনের শক্তির জায়গা। তবে বেলজিয়াম প্রতিভাধর দল। অভিজ্ঞ ও তরুণদের মিশেলে গড়া দলটি ফুটবলে নতুন শক্তি হিসেবেই আবির্ভূত হয়েছে। প্রতিপক্ষের আক্রমণ ব্যর্থ করে দ্রুত পাল্টা আক্রমণের জন্য বেলজিয়াম অনন্য। তাদের সামনে স্পেনকে বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে।
কোয়ার্টার ফাইনালে সবচেয়ে রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিতে পারে নরওয়ে ও ইংল্যান্ড। ফর্মের তুঙ্গে আছেন আর্লিং হালান্ড। একাই ম্যাচের গতিপথ বদলে দিচ্ছেন এই স্ট্রাইকার। তার নৈপুণ্যেই কোয়ার্টার ফাইনালে টিকিট কেটেছে নরওয়ে এবং তার গোল করার অবিশ্বাস্য ক্ষমতা দেখেছে বিশ্ব। হালান্ডের নেতৃত্বে নরওয়ে ভয়ংকর দলে পরিণত হয়েছে। তাদের বিপক্ষে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের লড়াইটা বেশ জমবে। হ্যারি কেইন, বেলিংহ্যামরা ‘থ্রি লায়নস’খ্যাত ইংল্যান্ড দলের প্রাণ। তাদের দলের গভীরতা এবং বেঞ্চের শক্তি অন্য যেকোনো দলের চেয়ে বেশি। ইংল্যান্ডের অভিজ্ঞ ও বৈচিত্র্যময় ফুটবলের সামনে নরওয়েকেও পরীক্ষা দিতে হবে। কাগজে-কলমে ইংল্যান্ড এগিয়ে থাকলেও হালান্ড ম্যাজিকে নরওয়ে চমক দিতে প্রস্তুত।
শেষ আটের শেষ ম্যাচে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের দল সুইজারল্যান্ড। এ দুদলের ম্যাচটিতেও ভালো লড়াই হবে। আর্জেন্টিনা কঠিন ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে। তাদের মাঝমাঠ ও আক্রমণভাগের নিখুঁত বোঝাপড়াই বড় শক্তি। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি সহজ হবে না। সুইজারল্যান্ডের রক্ষণ ভেঙে গোল আদায় করে নেওয়াটাই হবে আর্জেন্টিনার জন্য কঠিন চ্যালেঞ্জের। সুইস ডিফেন্স ভালো কিছু দেওয়ার অপেক্ষায় থাকবে।
কোয়ার্টার ফাইনালের সূচি
১০ জুলাই ফ্রান্স বনাম মরক্কো (বোস্টন স্টেডিয়াম, বাংলাদেশ সময় রাত ২টা)
১১ জুলাই স্পেন বনাম বেলজিয়াম (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, রাত ১টা)
১২ জুলাই নরওয়ে বনাম ইংল্যান্ড (মায়ামি স্টেডিয়াম, রাত ৩টা)
১২ জুলাই আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড (কানসাস সিটি স্টেডিয়াম, সকাল ৭টা)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

