উরুগুয়েকে ডোবালেন আর্জেন্টাইন কোচ বিয়েলসা

স্পোর্টস ডেস্ক

উরুগুয়েকে ডোবালেন আর্জেন্টাইন কোচ বিয়েলসা

বিশ্বকাপে উরুগুয়ে জাতীয় ফুটবল দলের অভ্যন্তরে অস্থিরতা ও অসন্তোষ এখন চরম। ইএসপিএন এবং স্থানীয় গণমাধ্যম ‘এল এস্পেকতাদোর’ বলছে, উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসার ওপর চরম ক্ষুব্ধ হয়ে মাঠে নামেন দলের সিনিয়র খেলোয়াড়রা। দলের অন্যতম প্রধান তারকা এবং রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দেসহ একাধিক সিনিয়র ফুটবলার মাঠে নামার আগেই বিয়েলসার পদত্যাগ দাবি করেন।
কোচ ও ফুটবলারদের দ্বন্দ্বে ফল যা হওয়ার ঠিক তাই হয়েছে। গ্রুপ পর্বে নিজেদের বাঁচা-মরার ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গেছে উরুগুয়ে। এ হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দেশটি। ২০২২ কাতার বিশ্বকাপের পর এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল উরুগুয়ে। দলের এমন ব্যর্থতার সব দায় নিজের কাঁধে তুলে নিয়ে ম্যাচ শেষে হতাশ কোচ বিয়েলসা বলেন, ‘উরুগুয়ের ফুটবলকে আমি কিছুই দিইনি, কারণ ইতিবাচক ফলাফল ছাড়া একজন কোচের তিন বছরের জাতীয় দলের প্রতি যেকোনো অবদানই বৃথা। যদি জিজ্ঞেস করেন তারা আমাকে কীভাবে মনে রাখবে, তারা আমাকে এমন একজন হিসেবে মনে রাখবে যে কিছুই রেখে যায়নি।’
বিয়েলসা যোগ করেন, ‘সাংবাদিকরা, উরুগুয়ের সমর্থকরা, আপনারা সবাই যা ঘটেছে তার জন্য আমাকে দোষারোপ করতে চান, এবং আমাকে সেই দায়ভার নিতেই হবে। এটাই একমাত্র সঠিক কাজ। আমাকে অত্যন্ত যোগ্যতাসম্পন্ন খেলোয়াড়দের একটি দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং আমি তাদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পুরোপুরি ব্যর্থ হয়েছি।’
প্রতিবেদনে বলা হয়েছে, বিয়েলসার কঠোর প্রশিক্ষণ পদ্ধতি এবং কৌশলগত সিদ্ধান্তের কারণে দলের ভেতর বড় ধরনের ফাটল তৈরি হয়েছে।
সিনিয়র খেলোয়াড়দের মতে, বিয়েলসার অতিরিক্ত মাত্রার এবং তীব্র শারীরিক কসরতের অনুশীলনের কারণেই দলের একাধিক খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। এটাই অসন্তোষের মূল কারণ। স্পেনের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে খেলোয়াড়রা রক্ষণাত্মক ‘লো-ব্লক’ কৌশল অবলম্বন করে কাউন্টার-অ্যাটাকে খেলার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বিয়েলসা মাঠজুড়ে হাই-ইনটেনসিটি ‘ম্যান-টু-ম্যান’ প্রেসিং পদ্ধতিতে খেলার ব্যাপারে অনড় থাকেন।

বিয়েলসার ৪৮ মিনিটের সেই বৈঠক
খেলোয়াড়দের এই প্রতিবাদের পর কোচ মার্সেলো বিয়েলসা পুরো দলকে নিয়ে একটি জরুরি বৈঠক ডাকেন। জানা গেছে, ৪৮ মিনিটের এই দীর্ঘ বৈঠকে বিয়েলসা অধিকাংশ সময় মেঝে বা মাটির দিকে তাকিয়ে কথা বলেন।
বৈঠকে বিয়েলসার অবস্থান ছিল অত্যন্ত কড়া। অভিযোগ তুলে বলেন, ‘কিছু খেলোয়াড় আমাকে দ্বিতীয়বারের মতো বরখাস্ত করার চেষ্টা করছে। অথচ এই দলের অনেকের ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে আমার অবদান রয়েছে।’
তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি আসে যখন বিয়েলসা নিজেই স্বীকার করেন যে, কেবল তার প্রতি ‘আনুগত্য’ প্রকাশের কারণে কয়েকজন ইনজুরিতে থাকা খেলোয়াড়কেও বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিলেন।
স্পেনের বিপক্ষে এই হাই-ভোল্টেজ ম্যাচের ঠিক আগে দলের অন্দরে এমন চরম কোন্দল উরুগুয়ের ফুটবল ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। শেষে আশঙ্কাই সত্যি হয়েছে। স্পেনের কাছে হার মানে তার দল। দল বিশ্বমঞ্চ থেকে লাতিন আমেরিকার দলটির বিদায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...