আবারও উইম্বলডনের রাজা সিনার

স্পোর্টস ডেস্ক

আবারও উইম্বলডনের রাজা সিনার

উইম্বলডনে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন ইয়ানিক সিনার। দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে আলেকজান্ডার জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডনের পুরুষ এককের শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর এই ইতালিয়ান তারকা।

রোববার অল ইংল্যান্ড ক্লাবে অনুষ্ঠিত ফাইনালে প্রথম সেট হারিয়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসেন সিনার। দ্বিতীয় সেট টাইব্রেকে জিতে ম্যাচে সমতা ফেরানোর পর তৃতীয় ও চতুর্থ সেটে নিজের আধিপত্য ধরে রেখে ৬-৭(৭), ৭-৬(২), ৬-৩, ৬-৪ ব্যবধানে জয় তুলে নেন তিনি।

এই জয়ের মাধ্যমে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে নিলেন ২৪ বছর বয়সী সিনার। এর আগে তিনি জিতেছিলেন ২০২৪ ও ২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন, ২০২৪ সালের ইউএস ওপেন এবং ২০২৫ সালের উইম্বলডন। টানা দ্বিতীয়বার লন্ডনের ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন হয়ে তিনি আরও শক্তভাবে প্রতিষ্ঠা করলেন নিজেকে বর্তমান টেনিস বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে।

ফাইনালের শুরুটা অবশ্য সিনারের জন্য সহজ ছিল না। প্রথম সেটের টাইব্রেকে জয় তুলে নিয়ে এগিয়ে গিয়েছিলেন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন আলেকজান্ডার জভেরেভ। তবে দ্বিতীয় সেটের টাইব্রেকে দাপট দেখিয়ে সমতা ফেরান সিনার। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নিয়ে টানা দুটি সেট জিতে শিরোপা নিশ্চিত করেন তিনি।

ম্যাচের তৃতীয় সেটে জভেরেভ একটি স্লিপের পর হাঁটুতে অস্বস্তি অনুভব করলেও খেলা চালিয়ে যান। কিন্তু এরপর আর আগের ধার ধরে রাখতে পারেননি। অন্যদিকে সিনার পুরো ম্যাচে আক্রমণাত্মক টেনিস খেলেন। ফাইনালে তিনি ৫৮টি উইনার মারেন এবং মাত্র ২৫টি আনফোর্সড এরর করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সেমিফাইনালে নোভাক জোকোভিচ এবং ফাইনালে জভেরেভের বিপক্ষে দুই ম্যাচে তিনি একবারও নিজের সার্ভিস হারাননি। ২০০৩ সালে রজার ফেদেরারের পর এটিই প্রথম এমন কীর্তি।

উইম্বলডনে শিরোপা ধরে রেখে সিনার বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও মজবুত করলেন। আর জভেরেভকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন