বেনজীরকে দুবাইয়ে আটকের এক মাস

স্টাফ রিপোর্টার

বেনজীরকে দুবাইয়ে আটকের এক মাস
ফাইল ছবি

বহু অপকর্মে বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে পুলিশের হাতে আটকের এক মাস পূর্ণ হয় গতকাল রোববার। তাকে আটকের বিষয়টি গত ১২ জুন দুবাই পুলিশের ইন্টারপোল শাখা চিঠি পাঠিয়ে বাংলাদেশ পুলিশকে অবহিত করে। আটকের দুদিন পর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি জানান।

এরপর তাকে ফিরিয়ে আনার জন্য চলে তোড়জোড়। তাকে ফেরাতে গত ১৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ২৪৪ পৃষ্ঠার ডকুমেন্ট দুবাই পুলিশের কাছে পাঠানো হয়। কিন্তু ডকুমেন্ট পাঠানোর পর সরকার আশানুরূপ সাড়া পায়নি। ডকুমেন্টে বেনজীরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ১৭টি, দুদকের ছয়টি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তিনটি পরোয়ানার বিষয়ও উল্লেখ রয়েছে। আটকের এক মাস হলেও তাকে ফেরানো নিয়ে বিভিন্ন সংশয় দেখা দিয়েছে। তাকে আদৌ ফেরানো যাবে কি না, তা নিয়ে খোদ পুলিশের মধ্যেই রয়েছে কানাঘুষা।

বিজ্ঞাপন

সূত্র জানায়, সরকার দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ ছাড়াও বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে। কূটনৈতিক চেষ্টাও চালানো হচ্ছে। কিন্তু গতকাল পর্যন্ত কোনো ইতিবাচক সংবাদ সরকারের কাছে ছিল না। গত ১২ জুন দুবাই বিমানবন্দরের নির্ধারিত ফ্লাইটে ওঠার জন্য অন্য যাত্রীর মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তাব্যবস্থার আওতায় আসেন তিনি। বিমানবন্দরের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা তার মুখমণ্ডল স্ক্যান করে। স্ক্যানের তথ্য আন্তর্জাতিক অপরাধীদের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হলে বেনজীরের নামে থাকা ইন্টারপোলের সতর্কতা সংকেত (নোটিস) সামনে আসে। এরপর দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয় শাখা বিষয়টি যাচাই করে তাকে আটক করে। দুদকের অনুসন্ধান শুরু হওয়ার পর ২০২৪ সালের ৪ মে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই চলে যান তিনি। জানা গেছে, সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অর্থপাচার, শাপলা গণহত্যা ও গুমের অভিযোগ রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া ও জনসংযোগ) এএইচএম শাহাদাত হোসাইন জানান, সাবেক আইজিপি বেনজীরের নথিপত্র পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে, বেনজীর আহমেদ ২০১০ সালের ১৪ অক্টোবর থেকে ২০১৫ সালের ৭ জানুয়ারি পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার, ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত র‌্যাবের মহাপরিচালক এবং ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...