ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন বলছে, সাম্প্রতিক কূটনৈতিক আলোচনায় অগ্রগতির পর উভয় পক্ষের মধ্যে হওয়া সমঝোতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ইতিবাচক ফল পাওয়া গেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ইরান হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে এবং দেশটিতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সীর (আইএইএ) পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।

এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স (জেনারেল লাইসেন্স) জারি করেছে, যার আওতায় ইরানের তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রি সাময়িকভাবে নিষেধাজ্ঞামুক্ত থাকবে।

নতুন এই ছাড়ের ফলে আগামী ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত ইরান বিশ্বের প্রায় সব দেশের কাছে, এমনকি যুক্তরাষ্ট্রের কাছেও, নিষেধাজ্ঞার বাধা ছাড়াই তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য এটি বড় ধরনের স্বস্তি বয়ে আনতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালির স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট কমানোর লক্ষ্যেও এই পদক্ষেপে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই রুটে কোনো ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক তেলবাজার ও জ্বালানি সরবরাহে ব্যাপক প্রভাব পড়তে পারে।

সূত্র: সিএনএন

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...