এআই ও চিপ খাতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিলো দক্ষিণ কোরিয়া

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

এআই ও চিপ খাতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিলো দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং। ছবি : রয়টার্স

দক্ষিণ কোরিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং চিপ খাতের জন্য বড় ধরনের মেগা-প্রকল্পের ঘোষণা দিয়েছে।

সোমবার দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং আগামী কয়েক বছরে শত শত কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে এই শিল্পে দেশের শক্তিশালী নেতৃত্ব বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিজ্ঞাপন

এই ঘোষণার মাধ্যমে প্রেসিডেন্ট লি জে মিউং দেশের এআই এবং চিপ খাতের লক্ষ্যগুলোর সাথে তার রাজনৈতিক প্রতিশ্রুতির সমন্বয় ঘটিয়েছেন। তিনি সিউল মহানগর এলাকার বাইরের অঞ্চলের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এবং আঞ্চলিক বৈষম্য কমিয়ে আনতে এই বড় পদক্ষেপ নিয়েছেন।

টেলিভিশনে প্রচারিত এই ঘোষণার সময় প্রেসিডেন্টের সাথে বিশ্বের সবচেয়ে বড় দুটি মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস এবং এসকে হাইনিক্সের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট লি বলেন, ‘অন্য যেকোনো দেশের চেয়ে দ্রুত আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মূল উপাদানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। সেমিকন্ডাক্টর, ফিজিক্যাল এআই এবং এআই ডেটা সেন্টার হলো আমাদের বড় ধরনের অগ্রযাত্রার তিনটি মূল অক্ষ বা ভিত্তি।’

আগামী কয়েক বছরে এই প্রকল্পগুলো স্যামসাং এবং এসকে হাইনিক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট লি জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গোয়াংজু এবং দক্ষিণ জিওলা প্রদেশও এই প্রকল্পগুলোতে ৫২০ ট্রিলিয়ন ওয়ন (৩৩৬.৭০ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে।

সামগ্রিক উদ্যোগের অংশ হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন এবং বিশাল চিপ উৎপাদন কেন্দ্র বা ক্লাস্টার গড়ে তোলা হবে বলে প্রেসিডেন্ট উল্লেখ করেন। ওই অঞ্চলের অব্যবহৃত এবং প্রচুর বিদ্যুৎ সম্পদ কাজে লাগানোর উদ্দেশ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী বছরগুলোতে এই পরিকল্পিত বিনিয়োগের পরিমাণ ১ হাজার ট্রিলিয়ন ওয়ন (৬৫১.৪১ বিলিয়ন ডলার) ছাড়িয়ে যেতে পারে।

সূত্র: রয়টার্স

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন