বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীকে ২০১২ সালের ১৭ এপ্রিল গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ৯ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, প্রায় দেড় দশক আগে ইলিয়াস আলীকে অপহরণের প্রথম চেষ্টা ব্যর্থ হয়। এরপর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নেতৃত্বে দ্বিতীয় দফায় তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
ওই সময় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তখন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন।
সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের জামাতা সাইফুর রহমান সর্বশেষ বিমান সদর দপ্তরের ডিরেক্টরেট অব এয়ার ট্রেনিংয়ের ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
গত ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস জবানবন্দি দেন। সেখানে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম আসে।
ইলিয়াস আলী গুমের ঘটনায় করা এই মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার রয়েছেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


