ইরানের তেল বিক্রির ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, ওয়াশিংটন তাদের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ‘অনুচ্ছেদ ১০’ লঙ্ঘন করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে গত ১৮ জুনে হওয়া দ্বিপক্ষীয় চুক্তির একটি ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।
বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, সমঝোতা স্মারক স্বাক্ষরের ২০ দিন পার হওয়ার আগেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া স্পষ্টত যুক্তরাষ্ট্রের ‘অসদাচরণ’ এবং ‘খারাপ উদ্দেশ্য’ প্রকাশ করে। এটি আবারও প্রমাণ করে যে মার্কিন প্রশাসনের ওপর কোনোভাবেই ভরসা করা যায় না।
তেহরান আরও অভিযোগ করেছে যে, ওয়াশিংটন প্রত্যক্ষ ও পরোক্ষ—উভয়ভাবেই এই চুক্তির বিভিন্ন ধারা বারবার লঙ্ঘন করে আসছে। এর উদাহরণ হিসেবে লেবাননে ইসরাইলের সামরিক তৎপরতাকে যুক্তরাষ্ট্রের পরোক্ষ ইন্ধন ও চুক্তি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


