ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ৫৮ হাজারেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
মার্কিন মহাকাশ সংস্থা নাসার প্রকাশিত স্যাটেলাইট উপাত্তের এক প্রাথমিক মূল্যায়নে এ তথ্য জানানো হয়েছে।
৭.২ ও ৭.৫ মাত্রার এই ভূমিকম্প দুটিতে প্রায় ১ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছে এবং এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশে গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা।
ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের এবং জ্যামন ভ্যান ডেন হেক জানান, ভূমিকম্পের পরদিন ২৫ জুন সংগৃহীত স্যাটেলাইট রাডার উপাত্তের ওপর ভিত্তি করে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলে আনুমানিক ৫৮ হাজার ৮৭০টি ভবন সম্ভবত ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
গবেষকদ্বয় ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চ ক্ষমতাসম্পন্ন রাডার ইমেজিং স্যাটেলাইট 'সেন্টিনেল-১'-এর উপাত্তের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।
গবেষকেরা লিখেছেন, ‘এটি একটি প্রাথমিক ও দ্রুত মূল্যায়ন। এটি পৃষ্ঠতলের আকস্মিক পরিবর্তনকে প্রতিফলিত করে, যা ক্ষয়ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
তারা আরো জানিয়েছে, এই সংখ্যাকে কেবল একটি নির্দেশক হিসেবে ধরা উচিত এবং এটি মাঠ পর্যায়ে যাচাই করা হয়নি।
এদিকে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ গত সোমবার জানিয়েছেন, ১৮৯টি 'সম্পূর্ণ ধসে পড়া' ভবনসহ ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাসা জানিয়েছে, তাদের স্যাটেলাইটগুলো ছবি এবং উপাত্ত সংগ্রহের মাধ্যমে গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে, যা মাঠ পর্যায়ে কর্মরত দলগুলোকে ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও উদ্ধার তৎপরতা পরিচালনায় সাহায্য করবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


