যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বুশেহরে আইআরজিসি স্থাপনায় আগুন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বুশেহরে আইআরজিসি স্থাপনায় আগুন

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর ইরানের বুশেহর প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের একটি স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং বিভিন্ন ওপেন-সোর্স গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ দাবি সামনে এসেছে। তবে প্রকাশিত ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইরানি কর্তৃপক্ষও এ পর্যন্ত সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।

বিজ্ঞাপন

এর আগে রাতে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নতুন দফায় হামলা চালানোর কথা জানায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের হুমকি মোকাবিলা এবং দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌপরিবহনে ইরানের হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম বুশেহর ও আশপাশের এলাকায় বিস্ফোরণের খবর নিশ্চিত করলেও কোন কোন স্থাপনায় হামলা হয়েছে বা হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডের খবরে আইআরজিসির ক্ষেপণাস্ত্রের গুদাম, ড্রোন অবকাঠামো কিংবা কমান্ড স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে। তবে ওয়াশিংটন কিংবা তেহরান কোনো পক্ষই এখন পর্যন্ত সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন প্রকাশ করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রাতের আগুনের ভিডিওগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: গালফ নিউজ

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন