পাকিস্তানে সশস্ত্র হামলায় সেনা সদস্যসহ নিহত ৯৬

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পাকিস্তানে সশস্ত্র হামলায় সেনা সদস্যসহ নিহত ৯৬
ফাইল ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র হামলায় চার দিনে দেশটির পুলিশ ও সেনাবাহিনীর অন্তত ৪২ সদস্য নিহত হয়েছেন। একই সময়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে অন্তত ৫৪ সন্ত্রাসীকে হত্যা করেছে।

বুধবার দেশটির সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আইএসপিআর বলেছে, বেলুচিস্তানে গত ৬ জুলাই থেকে এখন পর্যন্ত তিনটি হামলার ঘটনা ঘটেছে।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বুধবার এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

তিনি বলেন, গত চার দিনে বেলুচিস্তানে বড় ধরনের তিনটি সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের মদতপুষ্ট ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। অন্যদিকে মাতৃভূমি রক্ষা করতে গিয়ে সামরিক ও বেসামরিক নাগরিকসহ ৪২ জন প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানের এই সেনা কর্মকর্তা বলেছেন, গত ৪ ও ৫ জুলাইয়ের মধ্যবর্তী রাতে হান্না উরাক এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে। ওই সময় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সন্ত্রাসীরা স্থানীয় জনগণের ওপর হামলা চালায়।

তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই এবং ভারতের প্রক্সি গোষ্ঠী ফিতনা আল-খাওয়ারিজের অন্তর্ভুক্ত ওই সন্ত্রাসীদের পালিয়ে যেতে বাধ্য করেছেন। হামলার সময় চার বেসামরিক নাগরিক নিহত ও অন্য ছয়জন আহত হন।

পাকিস্তানের আইএসপিআরের এই মহাপরিচালক বলেন, দ্বিতীয় হামলার ঘটনা ঘটেছে গত ৬ জুলাই। ওই দিন মাঙ্গি বাঁধের কাছে একটি পুলিশি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছিলেন সন্ত্রাসীরা।

তিনি বলেন, ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা ওই চৌকিতে হামলা চালালে পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে তাদের মোকাবিলা করেন এবং প্রাথমিক লড়াইয়েই ১৫ জন সন্ত্রাসীকে হত্যা করেন। প্রাথমিক লড়াইয়ে পুলিশের ৯ সদস্য নিহত হয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, নিরাপত্তা বাহিনী ওই এলাকায় পৌঁছানোর আগেই পুলিশ সদস্যদের জিম্মি করে ফেলে সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থলে ১৫ সন্ত্রাসীর লাশ ফেলে রেখে যায় তারা। এই ঘটনায় জিম্মি সব পুলিশ সদস্য বেলুচিস্তানের বাসিন্দা ছিলেন।

দেশটির সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন, গত ৬ জুলাই থেকে জিয়ারতের পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীরা জোরদার অভিযানের তথ্য নিশ্চিত হওয়ার পর পুলিশের ১৮ সদস্যকে হত্যা করেছে।

পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক বলেন, ওই অভিযানের সময় আরো ১১ জন সন্ত্রাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং এই সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, মাঙ্গি তল্লাশি চৌকিতে হামলায় ২৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওই অভিযানে ২৬ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক স্পষ্ট করে বলেছেন, পাকিস্তান ও বেলুচিস্তান এখানে আছে এবং সবসময় থাকবে। আমরা প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সব সহযোগীকে খুঁজে বের করব। তোমরা আমাদের সন্তান ও নাগরিকদের ওপর হামলা করো, আর মনে করো আমরা এসে তোমাদের সঙ্গে আলোচনা করব? জনগণ, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি মুহূর্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। যেকোনো মূল্যে আমরা বিজয় অর্জন করব, কারণ আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন