টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

উপজেলা প্রতিনিধি, থানচি (বান্দরবান)

টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

টানা প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদীর পানি বেড়ে ফুঁসে উঠেছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি কৃষিজমি ও বিভিন্ন খামার পানিতে তলিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যাতায়াতের প্রধান মাধ্যম সাঙ্গু নদী বর্তমানে উত্তাল অবস্থায় রয়েছে। পাহাড়ি ঢল ও ঝিরি-ঝরনার পানি মিশে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন জানায়, টানা বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয়দের সতর্ক করতে মাইকিংসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপকূল ও নদীপাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

এদিকে প্রবল বৃষ্টিপাতের কারণে থানচি–বান্দরবান নীলগিরি সড়কের আর্মি ক্যাম্পসংলগ্ন এলাকায় পাহাড়ি সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

স্থানীয়রা জানান, পর্যটনকেন্দ্র রাজা পাতার এলাকায় পর্যটক বহনকারী একটি নৌকা ডুবে যায়। তবে দুর্ঘটনার আগে পর্যটকরা নৌকা থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাঙ্গু নদী উত্তাল রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন