বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনার তিন দিন পার হলেও পটুয়াখালীর গলাচিপা উপজেলার নিখোঁজ ছয় জেলের সন্ধান মেলেনি। তবে একই ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দুজন বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার দুপুর পর্যন্ত নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের তল্লাশি অভিযান অব্যাহত থাকলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ জেলেরা হলেন— গজালিয়া ইউনিয়নের ফোরকান হাওলাদার (৪৫), তার ছেলে সায়েদ (২০), আল আমিন (৪০), পানপট্টি ইউনিয়নের হারুন মিয়া (৬০) ও ইমাদুল খাঁ (৪৫) এবং সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)।
অন্যদিকে জীবিত উদ্ধার হওয়া জেলেরা হলেন– ট্রলার মালিক ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), সজীব (২৫), বায়েজিদ (৩০) ও রাকিব (২২)। এদের মধ্যে ইমাদুল সিকদার ও রাকিব দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার কারণে অসুস্থ হয়ে পড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ট্রলার মালিক ইমাদুল সিকদার জানান, শনিবার (৪ জুলাই) রাতে ১১ জন মাঝিমাল্লা নিয়ে তারা গভীর সাগরে মাছ ধরতে যান। রোববার (৫ জুলাই) রাত প্রায় ১০টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর সমুদ্রে হঠাৎ তীব্র দমকা হাওয়ার কবলে পড়ে ট্রলারটি উল্টে গিয়ে সাগরে ডুবে যায়।
দুর্ঘটনার ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়ে তিনি জানান, ট্রলার উল্টে যাওয়ার সময় ইঞ্জিন ও কেবিনের ভেতরে থাকা তিনজন জেলে আর বের হতে পারেনি। বাকি আটজনের মধ্যে তিনজন ট্রলারের একটি ভাঙা অংশ আঁকড়ে ধরে ভেসে থাকেন। তিনি এবং আরও চারজন ভাসমান বয়া ধরে প্রায় ছয় ঘণ্টা সাগরে মৃত্যুর সঙ্গে লড়াই করেন। পরে সোমবার ভোরে অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের পাঁচজনকে উদ্ধার করে।
এ ঘটনায় ট্রলার মালিকের বাবা ইদ্রিস সিকদার গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে নিশ্চিত করেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ।
গলাচিপা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার ফলে এবং অতিরিক্ত লবণপানি পেটে ঢুকে যাওয়ায় ইমাদুল সিকদার ও রাকিব অসুস্থ হয়ে পড়েন।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর ইজাজুল হক আমার দেশকে বলেন, নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

