কাপ্তাই হ্রদে ভেসে গেলেন দুইজন, একজনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, রাঙামাটি

কাপ্তাই হ্রদে ভেসে গেলেন দুইজন, একজনের লাশ উদ্ধার

রাঙ্গামাটির সদর ও বিলাইছড়ি উপজেলায় পৃথক ঘটনায় দুই ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপর একজনের সন্ধানে এখনও অনুসন্ধান চলছে।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম দলমনি চাকমা। তিনি রাঙ্গামাটি সদর উপজেলার মগবান এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুলাই নদী পারাপারের সময় দলমনি চাকমা পানির স্রোতে ভেসে নিখোঁজ হন। এরপর থেকে তার স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি চালিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি সদর উপজেলার কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এদিকে জেলার বিলাইছড়ি উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যবসায়ী গত বুধবার থেকে নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ সালমান জানান, সদর ও বিলাইছড়ি উপজেলা থেকে দুই ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ ব্যক্তির এখনও কোনো সন্ধান মেলেনি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিখোঁজ ব্যক্তিও কাপ্তাই হ্রদের পানির প্রবল স্রোতে ভেসে গেছেন। তাকে উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন