উপসচিব পদ থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৭২ জন কর্মকর্তা। আজ বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ করা হলো।
এতে আরও বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন।
পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তাঁর ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা অনলাইনে ই-মেইল ঠিকানায় (sal@mopa.gov.bd) দাখিল করতে পারবেন।
এর আগে সকালে পদোন্নতির সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর পদোন্নতি দেওয়া হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪ ও ২৫তম ব্যাচের বাদ পড়া কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে।
২৪তম ব্যাচের প্রায় ১৯০ জনের বেশি কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, তাঁদের পরবর্তী ধাপে (অতিরিক্ত সচিব) পদোন্নতির বিষয়টিও পর্যালোচনার অধীনে রয়েছে।
এর আগে ২৪তম ব্যাচের ৮০ জনকে পদোন্নতি দেওয়া হয়। আর ১৩৮ জন বাকি ছিলেন। পদোন্নতির জন্য বিবেচনায় নেওয়া হয় ১৯০ জনকে (প্রশাসনসহ অন্যান্য ক্যাডার)।
অন্যদিকে, ২৫তম ব্যাচের মোট ১৭০ জনের মধ্যে ৮০ জনকে বিবেচনায় নেওয়া হয়। বাকিদের পরবর্তীতে পদোন্নতি দেওয়া হবে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

