কিশোরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে হাওরে আবার ডাকাতি

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে হাওরে আবার ডাকাতি

কিশোরগঞ্জের ইটনায় হাওরে ২৪ ঘণ্টার ব্যবধানে আবার ডাকাতি হয়েছে। এ সময় নৌকায় থাকা হাঁড়ি-পাতিল, ইঞ্জিনের প্রয়োজনীয় সরঞ্জাম, দুটি মোবাইল ফোন ও ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

বুধবার রাতে উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেরপুর সেতুসংলগ্ন বগাডুবি খালের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সদরঞ্জন দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, তিনিসহ দুজন হাঁসের বাচ্চা কিনতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন।

পথে বর্শিকুড়া-শেরপুর সেতুসংলগ্ন এলাকায় পৌঁছালে মাথায় হেলমেট পরা সাতজনের একটি দল দেশীয় অস্ত্রের মুখে তাদের নৌকার গতিরোধ করে। পরে নৌকায় থাকা হাঁড়ি-পাতিল, ইঞ্জিনের প্রয়োজনীয় সরঞ্জাম, দুটি মোবাইল ফোন ও নগদ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

নদীতে পাহারার দায়িত্বে থাকা ফুল মিয়া বলেন, বগাডুবি খালের দিক থেকে একটি নৌকা থেকে চিৎকার শুনে তিনি সেখানে যান। গিয়ে দুই ব্যক্তিকে আতঙ্কিত অবস্থায় দেখতে পান। পরে তাদের বর্শিকুড়া বাজারে নিয়ে আসেন।

বর্শিকুড়া এলাকার বাসিন্দা রুমেল মিয়া বলেন, খবর পেয়ে বাজার থেকে কয়েকটি নৌকা নিয়ে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করেন। তবে ডাকাতদের নৌকাটি এলংজুরী ইউনিয়নের দিকে চলে গেলে অন্ধকারের কারণে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...