বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। পানিবন্দি মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে, কাউকে কষ্টে থাকতে দেওয়া হবে না।
রোববার টানা ভারি বর্ষণে পানিবন্দি চট্টগ্রাম নগরের চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের দেখতে যান প্রতিমন্ত্রী।
এ সময় তিনি দুর্গত পরিবারের খোঁজখবর নেন, তাদের সঙ্গে কথা বলেন এবং খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে রয়েছে।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পানিবন্দি মানুষের খাদ্য, আশ্রয় ও জরুরি সহায়তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনে প্রতিমন্ত্রীর সঙ্গে সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

