২২ দিনেও সন্ধান মেলেনি ফারজানার

জেলা প্রতিনিধি, ফেনী

২২ দিনেও সন্ধান মেলেনি ফারজানার
নিখোঁজ ফারজানা আক্তার। ছবি: সংগৃহীত

ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের নিজাম উদ্দিন ভূইয়া বাড়ির আবুল বশরের মেয়ে ফারজানা আক্তার ২২ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছে স্বজনরা।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিখোঁজ ফারজানাকে উদ্ধারে তারা তৎপর রয়েছে। তবে স্বামীর পরিবারের অসহযোগিতায় সন্ধানে দীর্ঘায়িত হচ্ছে।

বিজ্ঞাপন

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, গত ২০১৮ সালে ফারজানার সঙ্গে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার হেসাখাল দায়েমছাতী মজুমদার বাড়ির আবুল বাশারের ছেলে দুবাই প্রবাসী শাহাদাতের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে দেবর শাহপরানের কারণে পরিবারে অশান্তি নেমে আসে। গত ৯ জুন শ্বশুরবাড়ি থেকে ফারজানা নিখোঁজ হয়।

ফারজানার স্বজনদের দাবি, দেবর শাহপরানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে ফারজানাকে গুম করেছে। ফারজানার মা সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দেবর শাহপরান ফারজানাকে গুম করে নানা কল্পকাহিনি রটাচ্ছে।

জানা গেছে, গত ৯ জুন থেকে ফারজানা নিখোঁজ হলেও থানায় মামলা কিংবা সাধারণ ডায়েরি করেনি তার স্বামীর পরিবার। এদিকে ফারজানাকে খুঁজে পেতে তার মা, ফুপু ও বাবা কুমিল্লা নাঙ্গলকোট থানা পুলিশ প্রশাসনের যথাযথ পদক্ষেপ কামনা করেন।

নাঙ্গলকোট থানার এসআই ও ঘটনা তদন্ত কর্মকর্তা আশরাফ জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন