চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে তিন গ্রামের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকবার তাগিদ দেওয়া হলেও সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে ১৭ বছর পর পূর্ব আশিয়া মুছা পুকুর সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন কাজ শুরু হয়েছে। গত বুধবার বেলা ১১টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে টিআর-কাবিখা প্রকল্পের আওতায় সড়কটির আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ চৌধুরী, যুবদল নেতা রুবেল, বাবুল, সোহেল ও শহীদ, কৃষক দল নেতা কাজী মুবিন ও নুরুল কবির, শ্রমিক দল নেতা সাইফু, পটিয়া উপজেলা ছাত্রদলের নেতা কায়ছার আলম রিমন, যুবদল নেতা বাহাদুর, বিএনপি নেতা সাইফুদ্দিন ও ইয়াসিন মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দা ও পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু বলেন, আশিয়া পূর্বপাড়া এলাকার মানুষ দীর্ঘ ১৭ বছর উন্নয়নবঞ্চিত ছিল। পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম দায়িত্ব নেওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে ধারাবাহিকভাবে সড়ক উন্নয়ন কাজ শুরু করেছেন, যা তার নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। তিনি নির্বাচনি প্রচারণায় এসে সড়কটির বেহাল অবস্থা দেখে গিয়েছিলেন। আমরা এলাকাবাসী পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের প্রতি কৃতজ্ঞ।
উদ্বোধনকালে বিএনপি নেতা মোজাম্মেল হক চৌধুরী বলেন, পূর্ব আশিয়া মুছা পুকুরপাড় সড়কটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সড়কটির উন্নয়ন হওয়ায় তিন গ্রামের মানুষের চলাচল সহজ হবে। পাশাপাশি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর যাতায়াতও নির্বিঘ্ন হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

