কুমিল্লায় নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা
ছবি: আমার দেশ

ভোর রাত থেকে কুমিল্লায় টানা বর্ষণের কারণে এলাকায় যাতায়াতের বিকল্প না থাকায় এইচএসসি পরীক্ষার্থীদের নৌকা চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া রাস্তা ও যানবাহনের অপ্রতুলতার কারণে পরীক্ষার্থী ও অভিভাবকরা এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানান পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ।

১৩ জুলাই কুমিল্লা নগরীর কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এই দৃশ্য দেখা যায় ।

বিজ্ঞাপন

জানা যায়, আজ বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান ব্যবসা শাখার হিসাব বিজ্ঞান ১ম পত্র এবং মানবিক শাখার যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় তিনি পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষার হলে প্রবেশ করতে সহায়তা করেছেন ।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছেন অভিভাবক আনিসুর রহমান । তিনি জানান, এইচএসসির মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় শিক্ষার্থীরা যেভাবে নৌকায় চড়ে গিয়েছে, এটা খুবই ঝুঁকিপূর্ণ । যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত । প্রবেশপত্র যদি পানিতে পড়ে যেত তাহলে সর্বনাশ হতো । শিক্ষামন্ত্রীর উচিত ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া পরীক্ষা স্থগিত করা ।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রীয় পরীক্ষা দিতে আসা মাহিনুর আক্তার আমার দেশকে বলেন, মাঝরাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কুমিল্লায় । ঘর থেকে অনেক কষ্টে বের হয়ে পরীক্ষা দিতে এসেছি । এসে দেখি পরীক্ষার আশপাশের রাস্তা হাঁটু থেকে কোমরপানি পর্যন্ত তলিয়ে আছে। কেন্দ্রের ভিতর মাঠেও প্রচুর পরিমাণে পানি । ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে । শিক্ষামন্ত্রী এমন আবহাওয়া পরীক্ষা পিছিয়ে দিলে সবার জন্য উপকার হতো ।

কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, আজ ভোররা থেকে কুমিল্লা ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে । এছাড়া সারাদিন বৃষ্টি থাকবে কুমিল্লায় ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁইয়া আমার দেশকে বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া উচ্চ মাধ্যমিক শাখায় আটটি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে । আমাদের কেন্দ্রে পানির সমস্যা নেই । কুমিল্লা সরকারি মহিলা কলেজে প্রবেশে আমার কলেজের শিক্ষার্থীরা হলে প্রবেশের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছে । এছাড়া সকাল থেকেই কুমিল্লা নগরীতে যানবাহন কম থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে ।

নগরীর বিশিষ্টজনরা বলেছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শিক্ষামন্ত্রীসহ কর্তৃপক্ষের উচিত শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরীক্ষা পিছিয়ে দেওয়া ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন