চট্টগ্রাম বোর্ডে এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২১১২, বহিষ্কার ৩

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২১১২, বহিষ্কার ৩

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ২ হাজার ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৯১ হাজার ৪৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ হাজার ৩৭৭ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১১২ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২ দশমিক ৩০ শতাংশ।

জেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি অনুপস্থিতি চট্টগ্রাম জেলায়। জেলার ৬৮টি কেন্দ্রে ১ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং অসদুপায় অবলম্বনের দায়ে দুজনকে বহিষ্কার করা হয়। বাকি ৭৭৮ জন অনুপস্থিত ছিলেন অন্যান্য জেলায়।

বহিষ্কৃত তিন পরীক্ষার্থীর মধ্যে রয়েছেন চট্টগ্রাম নগরের সরাইপাড়া সিটি করপোরেশন কলেজ, ওমরগণি এমইএস কলেজ এবং কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন করে পরীক্ষার্থী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...