নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামের এক পুকুরে এ ঘটনা ঘটে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো খিদিরপুর এলাকার সাইফুল ইসলামের কন্যা ফাতেমা (৮) তার ফুপাতো বোন একই এলাকার তুহিন মিয়ার কন্যা আয়েশা ওরফে আশামনি (১২) এবং তাদের খালা ময়মনসিংহের গফরগাঁও এলাকার মুফাচ্ছের ওরফে শুক্কুর আলীর কন্যা সুমাইয়া আক্তার (১৩)।
একই পরিবারের তিন কন্যা শিশু মৃত্যুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিকেলে বাড়ির পাশেই একটি পুকুরে মামাতো-ফুপাতো বোন এবং খালা মিলে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পার হলেও তিন শিশু পানির ওপর ভেসে না উঠলে বাড়ির এক ছোট শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর বাদশা জানান, নিহতদের মধ্যে দুইজন স্থানীয় কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাদের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের নেমে আসে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

