পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান ৩ দালালকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান ৩ দালালকে জরিমানা
ছবি: আমার দেশ

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনজনকে অর্থদণ্ড এবং অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ নারীকে ভবিষ্যতে দালালি কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে লিখিত মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

অভিযানে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. বিশ্বপ্রিয় মজুমদারসহ পুলিশের সদস্যরা।

মোবাইল কোর্টে আটক নাছির উদ্দীন, জুবায়ের ও মিদুল দোষ স্বীকার করায়, প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে আটক ছাবিনা, মোমেনা, ফাতেমা খাতুন, রেনু ও রেজিয়া ভবিষ্যতে হাসপাতাল এলাকায় কোনো ধরনের দালালি কার্যক্রমে জড়িত হবেন না—এ মর্মে লিখিত মুচলেকা দেওয়ায়, তাদের সতর্ক করে মুক্তি দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ রোগীদের হয়রানি বন্ধ, দালালচক্রের দৌরাত্ম্য রোধ এবং হাসপাতালের সেবা কার্যক্রম স্বচ্ছ ও জনবান্ধব রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন