ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি এবং ঈশ্বরদী পৌরসভার তিনবারের সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলু (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মাহাবুবুর রহমান পলাশ।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনি, হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার দুপুর ১টার দিকে ঈশ্বরদী পৌর শহরের ফতেহমোহাম্মদপুরে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৪০ মিনিটে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টায় ঈশ্বরদী পৌর শহরের ফতেহমোহাম্মদপুর লোকো ফুটবল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে ঈশ্বরদী পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

উল্লেখ্য, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার বহুল আলোচিত মামলায় মোকলেছুর রহমান বাবলু আসামি ছিলেন। ওই মামলায় তিনি প্রায় সাড়ে পাঁচ বছর কারাভোগ করেন এবং একপর্যায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। পরবর্তীতে ২০২৪ সালে মামলাটি খারিজ হলে তিনি অভিযোগ থেকে অব্যাহতি পান।

মোকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। শোকবার্তায় তিনি বলেন, “বিএনপি একজন জনপ্রিয়, ত্যাগী ও কর্মীবান্ধব নেতাকে হারালো। তার মৃত্যু দল ও এলাকার রাজনীতিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া বিএনপির এই প্রবীণ নেতার মৃত্যুতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...