রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মেডিকেল মোড় এলাকায় একটি আমগাছ থেকে ইব্রাহিম (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম হলেন উপজেলার শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিমের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, সকালে মেডিকেল মোড় এলাকার একটি আমগাছে এক যুবকের লাশ ঝুলতে দেখে পথচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি গোদাগাড়ী মডেল থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্র জানায়, ইব্রাহিম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে স্বজনরা দাবি করেছেন।
গোদাগাড়ী মডেল থানার ওসি আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

