নওগাঁ শহরে মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে।
নিহত মহাতাব সরকার পেশায় রিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ ও অশান্তি চলত। প্রায় এক বছর আগে তার স্ত্রী ঢাকায় পোশাক কারখানায় চলে যান। কয়েকদিন আগে তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর আবারও পারিবারিক বিরোধ দেখা দেয়।
পরিবারের সদস্যরা জানান, রোববার (৫ জুলাই) রাত ১২টার দিকে সুমন তার বাবার ঘরে গিয়ে শুয়ে পড়েন। পরে বাবা মহাতাব সরকার তাকে শান্ত করতে মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন বাবার সঙ্গে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে তিনি বাবাকে ঘর থেকে উঠানে নিয়ে গিয়ে কাঠের বাটাম দিয়ে মারধর করেন এবং ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মহাতাব সরকারের মৃত্যু হয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান। পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

