ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দিল ছেলে

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দিল ছেলে
ছবি: আমার দেশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় বৃদ্ধা মাকে মারধর ও পায়ের রগ কেটে নেওয়ার অভিযোগে আসাদুজ্জামান শামিম (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আবু হাসনাতের ছেলে।

অভিযুক্ত ছেলে আসাদুজ্জামান দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ও মাদকে আসক্ত ছিলেন জানিয়েছেন স্থানীয়রা। ছেলের অত্যাচারে শেষ বয়সে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন বৃদ্ধা মা আঞ্জুমান আরা (৬৮)।

বিজ্ঞাপন

মামলা ও থানা সূত্রে জানা যায়, গত ৭ জুন আসাদুজ্জামান তার মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করেন। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরলে ফের ১৪ জুন ধারালো অস্ত্র দিয়ে মায়ের ডান পায়ের রগ কেটে দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হলে মায়ের অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ জুন থানায় মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছেলের নামে মামলা হয়। বৃহস্পতিবার রাতে থানা পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে।

বৃদ্ধা আঞ্জুমান আরা বলেন, ‘সে আমার পেটের সন্তান। নেশার টাকা এবং আমার থেকে জমি লিখিয়ে নেওয়ার জন্য সে আমাকে বেধড়ক মারধর করে। শেষ অবদি আমার পায়ের রগ কেটে দিয়েছে। সন্তানের অত্যাচার থেকে বৃদ্ধ বয়সে একটু শান্তিতে বেঁচে থাকতে চাই আমি।’

ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান আমার দেশকে জানান, বৃদ্ধা মায়ের অভিযোগ ও নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ছেলের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। পরে অভিযান চালিয়ে ছেলেকে গ্রেপ্তার করে জেলা কোর্ট হাজতে পাঠানো হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন