হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলের ধাক্কায় ইসালখা মিয়া নামে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সংলগ্ন হবিগঞ্জ-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে জলসুখা গ্রামের ভাইরাল ব্রিজের সৌন্দর্য দেখতে প্রতিদিন শত শত লোক অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে ঘুরতে আসেন।
কয়েকটি মোটরসাইকেল ব্রিজ থেকে পিরোজপুর গোলচত্বর পর্যন্ত নিয়ন্ত্রণহীনভাবে চালাচ্ছিলেন চালক।
আর এদিকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ির উদ্দেশে জলসুখা ভাইরাল ব্রিজ থেকে পায়ে হেঁটে আসছিলেন ইসালখা মিয়া । গোলচত্বরের কাছাকাছি পৌঁছালে একটি দ্রুতগতির নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।
আহত ইসালখা মিয়াকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইসালখা মিয়া বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বড়হাটি এলাকার বাসিন্দা।
এ বিষয়ে জানতে আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেনকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

