খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ১৫ গ্রাম

হবিগঞ্জ প্রতিনিধি

খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ১৫ গ্রাম
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদী বাঁধ ভেঙে ১৫টি গ্রাম প্লাবিত। ছবি: আমার দেশ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদী বাঁধ ভেঙে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টায় সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের দিকে নদীর বাঁধ ভেঙে প্রবল বেগে পানি গ্রামে গ্রামে ঢুকছে।

বিজ্ঞাপন

সরেজমিন ঘুরে দেখা গেছে, সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চরহামুয়া, উত্তর চরহামুয়া, কালিগঞ্জ, সুঘর, আদ্যপাশা, নোয়াবাদ, সুলতানশী, হাতিরথান, কটিয়াদি, বনগাও, দক্ষিণ বনগাও সহ ১৫টি গ্রাম প্লাবিত হয়। এতে এলাকার ফসলি জমি ৩-৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে এবং পুকুর ও ফিশারির মাছ বন্যার জলে ভেসে গেছে।

এ সময় কয়েকটি গ্রামের শিশু, বৃদ্ধ, নারী ও গরু-ছাগল নিয়ে নদীর পাড়ে আশ্রয় নিয়েছেন মানুষ। তাদের চোখের সামনে ঘর-বাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, খোয়াই নদীর পানি বিকেল ৩টা থেকে বিপৎসীমার ১৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা নিম্নাঞ্চলে নতুন করে প্লাবনের ঝুঁকি তৈরি করছে।

এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছ ঢাকা থেকে সকালে বন্যাকবলিত এলাকায় পৌঁছাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে রাত ১০টায় জেলা বিএনপির একটি টিম নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক বলেন, জাতীয় সংসদের হুইপ হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছ ঢাকা অবস্থান করায় রাতে আসতে পারেননি, তবে সকালে এসে পৌঁছাবেন।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন