সিলেট সীমান্তে বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (সিলেট)

সিলেট সীমান্তে বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তের ওপারে মিক কন্দ জানী (৬০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে সীমান্তের ১০০ গজ ভারতের অভ্যন্তর থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। মৃত মিক কন্দ জানী কোম্পানীগঞ্জ উপজেলার তুরুং গ্রামের কুলিবস্তির মৃত শুকরিয়া কন্দ জানীর ছেলে।

বিজ্ঞাপন

স্বজনরা জানিয়েছেন, সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় মিক কন্দ জানীর বাড়ি হওয়ায় তিনি প্রায় প্রতিদিন সীমান্তের ওপারে গিয়ে কাঠ ও মৌসুমি ফলমূল শ্রমের বিনিময়ে নিয়ে আসতেন। ভারতীয় নাগরিক খাসিয়াদের বাগানে দিনমজুরের কাজ করে এসব ফলমূল ও কাঠ নিয়ে এসে বিক্রি করতেন।

বুধবার সকাল ১১টার দিকে প্রতিদিনের ন্যায় ভারতে যান তিনি। কিন্তু দিন শেষে সন্ধ্যা হয়ে গেলেও ফিরে না আসায় তাকে খুঁজতে বের হন স্বজনরা। পরে ১২৬০ নম্বর সীমান্ত পিলারের ভারতের অভ্যন্তরে একটি ছড়ার পানিতে মিক কন্দ জানীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন তার ভাই নিখিল। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিজ বাড়িতে নিয়ে আসেন। এ সময় লাশের মাথা ও শরীরের কয়েক জায়গায় আঘাত এবং কাটার চিহ্ন দেখতে পান তারা।

লাশের সুরতহাল প্রতিবেদনকারী কর্মকর্তা এসআই ওলি উল্লাহ জানান, মৃতের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কানে ও চোখের আঘাত দেখে বোঝা যাচ্ছে, কেউ গুলি করেছিল।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...