বিশেষ অভিযানে যাওয়ার পথে দুর্ঘটনা, ৮ ডিবি পুলিশ সদস্য আহত

উপজেলা প্রতিনিধি, শ্রীবরদী (শেরপুর)

বিশেষ অভিযানে যাওয়ার পথে দুর্ঘটনা, ৮ ডিবি পুলিশ সদস্য আহত

শেরপুরের শ্রীবরদীতে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ৮ সদস্য আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি আভিযানিক দল শেরপুর থেকে শ্রীবরদীতে বিশেষ অভিযানে যাওয়ার পথে ঘটনাস্থল ভারেরা বাজার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট পুলিশ সদস্য আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য বলে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভারেরা বাজার এলাকায় কয়েকদিন ধরে সড়কের পাশে ড্রেন নির্মাণকাজ চলছে। এতে রাস্তার এক পাশ খোঁড়া এবং অন্য পাশে নির্মাণসামগ্রী থাকায় সড়ক সরু হয়ে গেছে। ফলে প্রায়ই ওই স্থানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম খান বলেন, আমাদের একটি টিম শ্রীবরদীতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে খাদে পড়ে যাওয়া নোহা মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...