মাদারীপুরের শিবচর উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই বারেক মাদবর পলাতক রয়েছেন। বুধবার রাতে উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই গ্রামের মোসলেম মাদবরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জায়গা-জমিসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলতাফ মাদবর ও তার চাচাতো ভাই বারেক মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় পূর্বের বিরোধকে কেন্দ্র করে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তর্কের একপর্যায়ে বারেক মাদবর উত্তেজিত হয়ে আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুষি মারেন। ঘুষির আঘাতে আলতাফ মাদবর মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বারেক মাদবর আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইউনিয়ন পরিষদ ভবনের ছাদে বিএনপি নেতার ইয়াবা সেবনের আসর