নরসিংদীতে রাতের আঁধারে শতাধিক গাছ কেটে সাবাড়, থানায় জিডি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

নরসিংদীতে রাতের আঁধারে শতাধিক গাছ কেটে সাবাড়, থানায় জিডি

নরসিংদীর মাধবদীতে রাতের আঁধারে একটি আবাসন প্রকল্পের শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। পরিবেশ রক্ষার উদ্দেশ্যে রোপণ করা এসব গাছ ধ্বংসের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, গত ২৯ জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় ‘পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড’ আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ওই আবাসন প্রকল্প এলাকায় বিভিন্ন বনজ ও ফলদ গাছ রোপণ করা হয়েছিল। তবে অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতুলিয়া এলাকার মোজাম্মেল, মামুন, সিরাজুল, তাহারুল, মাসুদ ও ফিরোজসহ আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে প্রকল্প এলাকায় প্রবেশ করে।

অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা প্রকল্পের ৪ নম্বর পোস্ট ক্যাম্পের সামনের দিকে গিয়ে পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর থাকা প্রায় অর্ধশতাধিক গাছ কেটে ফেলে। এ সময় প্রকল্পের কর্মীরা বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর প্রকল্পের স্টাফ মো. রাজিব হোসেন দুলাল বাদী হয়ে মাধবদী থানায় সাধারণ ডায়েরি করেন।

তিনি বলেন, “গাছগুলোর সঙ্গে কারও কী শত্রুতা থাকতে পারে, তা আমাদের বোধগম্য নয়। এ ধরনের বেআইনি হামলা, ভাঙচুর ও গাছ কাটার কারণে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবেশেরও অপূরণীয় ক্ষতি হয়েছে।”

ভুক্তভোগীরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন