ভারি বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, বিদ্যুৎবিচ্ছিন্ন ২ হল

প্রতিনিধি, ঢাবি

ভারি বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, বিদ্যুৎবিচ্ছিন্ন ২ হল

টানা ভারি বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুই নারী হলে বিদ্যুৎ না থাকায় এবং হাঁটু থেকে কোমরসমান পানি জমে যাওয়ায় কয়েক হাজার আবাসিক শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন। এই জলাবদ্ধতার কারণে কয়েকটি বিভাগের ক্লাস বাতিল এবং একটি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল থেকে টানা বৃষ্টির পর বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, প্রশাসনিক ভবন, শিক্ষক ক্লাব, কেন্দ্রীয় খেলার মাঠ, মুক্তি ও গণতন্ত্র তোরণ, উপাচার্য (ভিসি) চত্বর, গণিত ভবন, কার্জন হল, নীলক্ষেত এলাকা, পলাশীর মোড়, নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট-সংলগ্ন এলাকায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের গেটের সামনে কোথাও কোমরসমান, কোথাও গলাসমান পানি জমে থাকতে দেখা যায়। এদিকে নিরাপত্তার স্বার্থে দুটি হলের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এতে বিদ্যুৎবিহীন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই হলের আবাসিক শিক্ষার্থীরা।

কুয়েত-মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী তাসলিমা জান্নাত বলেন, “কোনো বছর এত বেশি পানি হয় না। নিউমার্কেটের সামনে সমুদ্র হয়ে গেছে। সকাল থেকে ভারি বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এরকম বৃষ্টি হলে আমাদের পানিবন্দি অবস্থায় থাকতে হয়।”

তিনি বলেন, “সকালে ক্লাসে যেতে পুরো ভিজে যেতে হয়েছে। যাদের পরীক্ষা ছিল, তাদের তো একদম দুর্বিষহ অবস্থা। তাও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই প্রশাসনের।”

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের সহ-সভাপতি (ভিপি) তাসনিম আক্তার আলিফ নাবিলা বলেন, “হলে সকাল থেকেই বিদ্যুৎ নেই। মোবাইলের চার্জও শেষের দিকে। আজ যদি আবার দু-তিন ঘণ্টা বৃষ্টি হয়, তাহলে নিচতলার রুমগুলোতেও পানি উঠে যাবে।”

একই হলের আবাসিক শিক্ষার্থী ফারজানা রহমান নদী বলেন, “পাশে মৈত্রী হলও আছে মেয়েদের। এই দুই হলের মেয়েরা, আমরা সবদিক থেকেই সারা বছর বঞ্চিত থাকি, তবুও কিছু মনে হয় না। কিন্তু যখনই বৃষ্টির সময় এভাবে হল ডুবে আমরা পানিবন্দি হয়ে থাকি, কী যে অসহায় লাগে।”

তিনি আরও বলেন, “পুরো হলে জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে হলের দোকানগুলো বন্ধ, খাবারের সংকট আছে। হল থেকে যে বের হয়ে কারও বাসায় যাব, সে পরিস্থিতিও নেই। হলের সামনের সড়কে কোমরসমান পানি। খুব অসুবিধায় আছি।”

অন্যদিকে, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, সার্জেন্ট জহুরুল হক হল ও নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হলেও ব্যাপক জলাবদ্ধতা দেখা গেছে। শহীদুল্লাহ হলের নিচতলার কক্ষগুলোর বারান্দায় পানি উঠে যায়।

শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ আবরার বলেন, “হলের মাঠে বুক পর্যন্ত পানি উঠে গেছে। আরও কিছুক্ষণ বৃষ্টি হলে নিচতলার কক্ষগুলোতে পানি প্রবেশ করবে। ক্যান্টিন চালু আছে, তবে খাবার ভবনে এনে সরবরাহ করা হচ্ছে।”

জলাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগসহ কয়েকটি বিভাগের ক্লাস বাতিল করা হয়েছে। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এদিকে, টানা বৃষ্টির মধ্যে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে একটি বড় কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আশপাশের কয়েকটি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা, বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং প্রয়োজনীয় সেবার ব্যাঘাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়েছে। শিক্ষার্থীরা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ কামনা করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, টানা বৃষ্টি হলেই হল দুটি পানিতে তলিয়ে যায়। এর একটি স্থায়ী সমাধানের পরিকল্পনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের রয়েছে।

তিনি বলেন, আমরা শিগগিরই হলগুলো পরিদর্শনে যাব। প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, আমি যুক্তরাজ্য থেকে মাত্র দেশে ফিরেছি। ক্যাম্পাসে গিয়ে যথাশীঘ্র হলগুলো পরিদর্শনে যাব।

তিনি বলেন, আমরা হলগুলোতে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা করেছি। খাবারদাবারে সমস্যা হচ্ছে কি না, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক রয়েছে। নিরাপত্তার স্বার্থে হল দুটির বিদ্যুৎ সংযোগ সাময়িক বিচ্ছিন্ন রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন