কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে সৃষ্ট ভারী বর্ষণ ও পানির ঢলে প্লাবিত রেললাইন মেরামত করার পর ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার, কক্সবাজার-চট্টগ্রাম, কক্সবাজার-ঢাকা রুটের অন্যান্য সকল ট্রেন নিয়মিত চলাচল করছে।
রোববার বাংলাদেশ রেলওয়ের (জনসংযোগ) পরিচালক আনিসুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে সৃষ্ট ভারী বর্ষণ ও পানির ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের মধ্যে, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি রবিবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। এখন থেকে ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার, কক্সবাজার-চট্টগ্রাম, কক্সবাজার-ঢাকা রুটের অন্যান্য সকল ট্রেন রোববার থেকে নিয়মিত চলাচল করবে।
তিনি আরও জানান, জানআলীহাট ও ষোলো শহর স্টেশন মধ্যবর্তী সেকশনের রেললাইন প্লাবিত হওয়ায়, ট্রেন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে। ওই এলাকার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায়, বাংলাদেশ রেলওয়ে দ্রুতগতিতে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের উদ্যোগ নেয়, এবং দ্রুততম সময়ের মধ্যে ষোল শহর জান আলীহাট সেকশনকে ট্রেন চলাচলের উপযোগী করে তোলে। আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে রেলওয়ের সম্মানিত যাত্রীসাধারণের রেলযাত্রায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।
এদিকে, রাজধানীতে টানা ভারী বৃষ্টির কারণে তেজগাঁও রেললাইনের কয়েকটি স্থানে পানি জমলেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। পরিস্থিতি বিবেচনায় যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চালকদের সতর্কতার সঙ্গে এবং প্রয়োজন হলে ধীর গতিতে ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগ।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকাল থেকেই রাজধানীতে ভারী বৃষ্টির কারণে তেজগাঁও রেলস্টেশনের তিনটি লাইন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচলে বেশ সময় লাগে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

