জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ১৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। নির্বাচনি তফসিলে বলা হয়েছে, আগামী মেয়াদে সংগঠনের ২৭ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পর্ষদের মধ্যে রয়েছেন একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, তিন জন ভাইস-প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি জেনারেল, তিন জন জয়েন্ট সেক্রেটারি জেনারেল, একজন ফাইন্যান্স সেক্রেটারি, একজন স্পোর্টস, রিক্রিয়েশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি, একজন পাবলিক রিলেশনস সেক্রেটারি, একজন মেম্বার্স ওয়েলফেয়ার সেক্রেটারি এবং ১৪ জন সাধারণ সদস্য।
এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে বায়রার তৎকালীন দ্বির্বাষিক কার্যনির্বাহী কমিটির কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। পরে সংগঠনটিতে প্রশাসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়।
ওই কমিটির নির্ধারিত মেয়াদ ছিল ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। পরবর্তীতে ২০২৪ সালের ডিসেম্বর মাসে নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর সুনির্দিষ্ট সময়ে নির্বাচন করতে না পারায় সরকার বায়রায় চূড়ান্তভাবে প্রশাসক নিয়োগ দেয়।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

