ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি হিসেবে রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।
বুধবার জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে মনিটরিং কমিটি হিসেবে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে হবে। এই টিমের মাধ্যমে বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করা হবে।
আদেশে আরও বলা হয়, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। পাশাপাশি বিদ্যালয় ভবন, শ্রেণিকক্ষ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদ, ড্রেন, খোলা জায়গা এবং যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিদর্শন ও পরিষ্কার করার ব্যবস্থা নিতে হবে।
এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানো, পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থা করা এবং নিয়মিত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত ‘ক্লিন স্কুল টিম’-এর সভাপতি থাকবেন প্রতিষ্ঠান প্রধান। কমিটিতে একজন অভিভাবক প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ডের স্যানিটারি পরিদর্শক অথবা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, দুইজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক সদস্যসচিব হিসেবে থাকবেন।
নির্দেশনা পাওয়ার পর পাঁচ কার্যদিবসের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করে কার্যক্রম শুরু করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে বড় শক্তি হচ্ছে সচেতনতা ও পরিচ্ছন্নতা। এ কারণেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সম্পর্কে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে। বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাসও তাদের মধ্যে তৈরি করতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণিকক্ষ, ছাদ, বারান্দা, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ পানি জমে থাকতে পারে এমন স্থানগুলো পরিদর্শন ও পরিষ্কার রাখতে হবে। কোনোভাবেই যেন এডিস মশার প্রজননের সুযোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ‘ক্লিন স্কুল টিম’ শুধু একটি কমিটি নয়, এটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার একটি ধারাবাহিক উদ্যোগ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

