২০২৬ ফিফা বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করে শুধু স্পেনকে বড় জয়ের পথেই এগিয়ে দেননি, ইতিহাসের পাতায়ও নিজের নাম লিখিয়েছেন লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সে বিশ্বকাপের মঞ্চে গোল করে তিনি এমন এক কীর্তি গড়েছেন, যা এর আগে করতে পেরেছিলেন শুধু ব্রাজিল কিংবদন্তি পেলে।
আটলান্টায় অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচে স্পেনের ৪-০ গোলের জয়ে প্রথম গোলটি আসে ইয়ামালের পা থেকে। ম্যাচের ১০ মিনিটে মিকেল ওইয়ারসাবালের ক্রস থেকে জালে বল জড়িয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন বার্সেলোনার এই বিস্ময়বালক।
এই গোলের মাধ্যমে ইয়ামাল বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে ১৮ বছর বা তার কম বয়সে কোনো ম্যাচের উদ্বোধনী গোলদাতা হলেন। এর আগে একমাত্র ১৭ বছর বয়সী পেলে ১৯৫৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে ব্রাজিলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন। প্রায় ৬৮ বছর পর সেই তালিকায় যুক্ত হলো ইয়ামালের নাম।
শুধু তাই নয়, বিশ্বকাপে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলারদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন স্প্যানিশ তারকা। ১৮ বছর ৩৪৩ দিন বয়সে করা এই গোলের মাধ্যমে তিনি মেসিকেও ছাড়িয়ে গেছেন। ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম গোল এসেছিল ১৮ বছর ৩৫৭ দিন বয়সে।
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচের আগে ইয়ামালকে নিয়ে বড় আস্থা প্রকাশ করেছিলেন। চোট কাটিয়ে দলে ফেরা এই তরুণও সেই আস্থার প্রতিদান দিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে। গোলের পাশাপাশি পুরো ম্যাচজুড়েই ছিলেন প্রাণবন্ত।
বিশ্বকাপের শুরুতেই এমন কীর্তি গড়ে ফুটবল বিশ্বকে নতুন করে আলোচনায় এনেছেন ইয়ামাল। পেলে, মেসিদের পাশে নিজের নাম তুলে রেখে স্পেনের এই বিস্ময়বালক জানিয়ে দিলেন—ভবিষ্যৎ নয়, তিনি ইতোমধ্যেই বিশ্বমঞ্চের বড় তারকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

