বিশ্বকাপে রেকর্ড যেন এখন লিওনেল মেসির নিয়মিত সঙ্গী। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ থার্টি টু'র ম্যাচে প্রথমার্ধেই দুর্দান্ত এক গোল করে আরও দুটি অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি বিশ্বকাপে টানা চার ম্যাচে গোল করলেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে টানা আট ম্যাচে গোল করা প্রথম এবং একমাত্র ফুটবলার এখন মেসি। সব মিলিয়ে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০, যা আরও একবার সমৃদ্ধ করল তার নিজস্ব রেকর্ড।
তবে স্কোরলাইন ১-০ হলেও ম্যাচটি মোটেও একপেশে ছিল না। বিশ্বকাপের চমক কেপ ভার্দে নিজেদের স্বভাবসুলভ কম্প্যাক্ট রক্ষণে আর্জেন্টিনাকে দীর্ঘ সময় আটকে রাখে। শুধু রক্ষণেই নয়, সুযোগ পেলেই পাল্টা আক্রমণেও উঠে এসে ব্লু শার্কসরা প্রমাণ করেছে তারা কেবল রক্ষণাত্মক ফুটবল খেলতে মাঠে নামেনি।
শুরুর দিকে ছোট ছোট পাসে কেপ ভার্দের ঘন ডিফেন্স ভাঙার চেষ্টা করেও সফল হচ্ছিল না আর্জেন্টিনা। এরপর ডিহাইড্রেশন বিরতির পর কৌশল বদলান লিওনেল স্কালোনি। মাঝমাঠ থেকে লং বলের পরিকল্পনায় যায় আলবিসেলেস্তেরা, আর তাতেই মেলে কাঙ্ক্ষিত সাফল্য।
লিসান্দ্রো মার্তিনেজের দারুণ ওজন মাপা লং পাসে ডিফেন্সের পেছনে দৌড়ে যান মেসি। বাঁ পায়ের বাইরের অংশে অসাধারণ দক্ষতায় বল নিয়ন্ত্রণ করে দ্বিতীয় স্পর্শেই ভলিতে বল তুলে দেন গোলরক্ষক ভোজিনিয়ার ওপর দিয়ে। ম্যাচের বয়স তখন ২৯ মিনিট। চোখ জুড়ানো মেসির সেই ফিনিশে এগিয়ে যায় আর্জেন্টিনা।
হাফটাইম পর্যন্ত কেপ ভার্দে লড়াই চালিয়ে গেলেও পার্থক্য গড়ে দিয়েছে মেসির সেই মুহূর্তের জাদু। বিশ্বকাপের আরেকটি স্মরণীয় গোলের সুবাদে বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

