ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। সেই ঐতিহাসিক জয়ের পর দলের আত্মবিশ্বাস যে অন্য উচ্চতায় পৌঁছেছে, সেটি লুকালেন না অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তবে একই সঙ্গে তিনি স্বীকার করলেন, শক্তি, অভিজ্ঞতা ও র্যাঙ্কিং মিলিয়ে ইংল্যান্ড এগিয়ে।
শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওডেগার্ড বলেন, ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতাই তাদের নতুন বিশ্বাস এনে দিয়েছে।
তিনি বলেন, 'আমরা জানি ইংল্যান্ডের মান কতটা উঁচু। তাদের খুব ভালো করেই চিনি। দলে অসাধারণ সব ফুটবলার আছে, বিশ্বমানের খেলোয়াড় আছে। সম্ভবত এই মুহূর্তে তারা বিশ্বের অন্যতম সেরা জাতীয় দল। তাই এটি আমাদের জন্য বিশাল পরীক্ষা হতে যাচ্ছে।'
তবে সেই কঠিন পরীক্ষাকে ভয় পাচ্ছেন না নরওয়ের অধিনায়ক। বরং ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর অবিশ্বাস্য জয়ই তাকে নতুন সাহস জুগিয়েছে, 'ব্রাজিলের বিপক্ষেও তো একই কথা বলা হয়েছিল। সেখানেও আমরা আন্ডারডগ ছিলাম। কিন্তু আপনারা দেখেছেন, ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। তাই আমরা আবারও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। দেখি কী করতে পারি। আমরা এই ম্যাচটির অপেক্ষায় আছি।'
ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে নরওয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে উঠেছে। তবে এখানেই থেমে থাকতে রাজি নন ওডেগার্ড। আর্সেনালের এই মিডফিল্ডার বলেন, ইংল্যান্ডের বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গেই তাদের পরিচয় দীর্ঘদিনের। কারণ নরওয়ের অনেক ফুটবলারই ইংলিশ লিগে খেলেন, 'আমাদের অনেকেই ইংল্যান্ডে খেলি। তাই তাদের বেশ ভালোভাবেই চিনি। লিগে নিয়মিত তাদের বিপক্ষে খেলেছি। কিন্তু এটি কোনো ব্যক্তিগত লড়াই নয়, পুরো দলের লড়াই।'
তিনি আরও বলেন, 'আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। প্রতিপক্ষকে বিশ্লেষণ করতে হবে, যেমনটা আমরা সবসময় করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের ওপর বিশ্বাস রাখা।'
ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ১২ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছে নরওয়ে। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিতও রয়েছে ইংল্যান্ড। তাই বাস্তবতা সম্পর্কে সচেতন ওডেগার্ড আবারও নিজেদের আন্ডারডগ বলেই উল্লেখ করেছেন।
তবে সেই পরিচয় নিয়ে তার কোনো আক্ষেপ নেই, 'আমরা পুরো বিশ্বকে দেখিয়েছি, আমরা একটি ভালো দল। ফুটবলে সবকিছুই সম্ভব। আমরা আবারও আন্ডারডগ, কিন্তু সেটাই শেষ কথা নয়। ভালোভাবে প্রস্তুতি নেব, নিজেদের ফুটবল খেলব, একসঙ্গে কাটানো এই অসাধারণ মুহূর্তটা উপভোগ করব। এরপর দেখা যাক কী হয়।'
ব্রাজিলকে বিদায় দিয়ে যে আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে নরওয়ে, সেটিকে পুঁজি করেই এবার ইংল্যান্ডের বিপক্ষে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন ওডেগার্ড ও তার সতীর্থরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

