ঘানায় চলতি সপ্তাহের ভয়াবহ বন্যায় দেশব্যাপী প্রাণহানি বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ৮৯ হাজার ৭৩৬ জন বাস্তুচ্যুত হয়েছে।
শুক্রবার ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (ন্যাডমো) পরিদর্শন বিভাগের পরিচালক রিচার্ড অ্যামো ইয়ার্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম থ্রিনিউজে রিচার্ড অ্যামো ইয়ার্টে জানান, নিশ্চিত হওয়া ৩৪ জনের মধ্যে রাজধানী আক্রাতেই মারা গেছেন ১২ জন।
তিনি বলেন, এখনো নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে। উদ্ধার অভিযানে আরও লাশ পাওয়া গেলে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে।
এর আগে, বৃহস্পতিবার টিভিথ্রিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামো ইয়ার্টে জানান, জরুরি উদ্ধারকারী দল এখনো নিখোঁজদের খোঁজে কাজ করছে। একই সঙ্গে বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
ন্যাডমোর তথ্য অনুযায়ী, বন্যায় দেশের সাতটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোট ৮৯ হাজার ৭৩৬ জন বাস্তুচ্যুত হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রেটার আক্রা অঞ্চল, যেখানে ৫৪ হাজার ৭১২ জন বাস্তুচ্যুত হয়েছে। এরপর রয়েছে সেন্ট্রাল অঞ্চল, যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ২১ হাজার ৮৮২ জন। এ ছাড়া ভোল্টা, ওয়েস্টার্ন, আশান্তি ও ওয়েস্টার্ন নর্থ অঞ্চলেও হাজারো মানুষ বন্যার কবলে পড়েছে। আর ইস্টার্ন অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সবচেয়ে কম।
সূত্র: আনাদুলু এজেন্সি
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


