হবিগঞ্জের বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মিরপুর ইউনিয়নের বাদে বামৈ গ্রাম থেকে রিম্পা চক্রবর্তী (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রিম্পা চক্রবর্তী ওই গ্রামের বিধান চক্রবর্তীর প্রথম স্ত্রী এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, একই বাড়িতে তার স্বামীর দ্বিতীয় স্ত্রীও বসবাস করেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা রিম্পাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি বাহুবল মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

