গুরুতর দুর্নীতির অভিযোগ

স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল মাদ্রিদ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল মাদ্রিদ

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী মাদ্রিদ। শনিবার হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নেমে সরকারবিরোধী স্লোগান দেন। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভ চলাকালে একদল উত্তেজিত আন্দোলনকারী প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেসের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। স্প্যানিশ টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে মুখোশধারী কয়েকজন বিক্ষোভকারীকে আটক করতে দেখা যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশনের ডাকে আয়োজিত এই বিক্ষোভে দেশটির প্রধান বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থি দল ভক্সের শীর্ষ নেতারাও অংশ নেন। আন্দোলনকারীরা স্পেনের জাতীয় পতাকা বহনের পাশাপাশি ‘সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগ চাই’সহ বিভিন্ন সরকারবিরোধী স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

স্পেনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয় গত মঙ্গলবার, যখন দেশটির একটি আদালত সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটানো ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরুর ঘোষণা দেয়। বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জাপাতেরো অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগেও ২০২৪ সালে সানচেজের স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হলে তিনি সাময়িকভাবে পদত্যাগের বিষয়টি বিবেচনা করেছিলেন। তবে পরে তিনি অভিযোগ করেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং কট্টর ডানপন্থিদের চাপের ফল।

নতুন করে ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় দেশজুড়ে আবারও সানচেজের পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়েও ভিন্ন তথ্য পাওয়া গেছে। আয়োজকদের দাবি, প্রায় ৮০ হাজার মানুষ এতে অংশ নিয়েছেন। তবে মাদ্রিদে স্পেন সরকারের প্রতিনিধিরা জানিয়েছেন, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার।

এসআআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন