জর্ডান-কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, নিন্দা মাহমুদ আব্বাসের

আলজাজিরা

জর্ডান-কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, নিন্দা মাহমুদ আব্বাসের
বেনিয়ামিন নেতানিয়াহু ও মাহমুদ আব্বাস। ফাইল ছবি

জর্ডান, কুয়েত ও বাহরাইনে চলতি সপ্তাহে চালানো ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয়।

বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গত বৃহস্পতিবার মাহমুদ আব্বাসের কার্যালয় জর্ডান, কুয়েত ও বাহরাইনের প্রতি গভীর সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো পদক্ষেপের প্রতি ফিলিস্তিনের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে তার কার্যালয়।

বিজ্ঞাপন

এরআগে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের মতো বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরানের ইসলামি রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।

বৃহস্পতিবার ভোরের দিকে এ হামলা চালানো হয় বলে আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের এ ধরনের হামলা আবার চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত অন্য মার্কিন ঘাঁটিগুলোতেও তাদের এ পাল্টা জবাব ছড়িয়ে দেওয়া হবে।

আইআরজিসি এ হামলাকে ‘চুক্তিভঙ্গকারী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক জবাবের প্রথম ধাপ’ হিসেবে উল্লেখ করেছে।

এর আগে গতকাল বুধবার ইরানে দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, গত মঙ্গলবার থেকে চালানো এসব হামলায় তারা ইরানের ভেতরের মোট ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

মঙ্গলবার চালানো প্রথম দফার মার্কিন হামলায় নিজেদের আট সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের সামরিক বাহিনী। তারা জানিয়েছে, ওই দিনের মার্কিন হামলাগুলোর মূল কেন্দ্রবিন্দু ছিল পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালির উপকূলবর্তী এলাকাগুলো।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন