অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ১,১৭৯

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ১,১৭৯

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজার অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৯ জনে।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যানুযায়ী, এ সময়ের মধ্যে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় আহত হয়েছেন অন্তত ১২ হাজার ৫৩২ জন ফিলিস্তিনি।

এদিকে, একই সময়ে পশ্চিম তীরসহ বিভিন্ন এলাকা থেকে ২৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে অন্তত ৯ হাজার ২৯৯ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৩ হাজার ২৪৪ জনকে কোনো ধরনের আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই প্রশাসনিক আটক হিসেবে বন্দি রাখা হয়েছে।

অন্যদিকে, ইসরাইলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তাদের কারাগারে আটক থাকা অন্তত ৯০ জন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। পশ্চিম তীরে চলমান অভিযান, গণগ্রেপ্তার এবং বন্দিদের মৃত্যুর ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা অন্তত ৭৩ হাজার ৪৩ জনে পৌঁছেছে। মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩১ জন নিহত এবং ৩ হাজার ৩০৯ জন আহত হয়েছে।

এছাড়া, ইসরাইলি হামলায় এ পর্যন্ত মোট আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৩ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...